প্যাটেন্ট: আমাদের বুদ্ধিবৃত্তিক কাজের মার্কিনতা
উচ্চারিত বা লিখিত বাক্যবন্ধ বা যে কোনো বুদ্ধিবৃত্তিক উৎপাদনের প্যাটেন্টের বিরোধিতা আমি করতে চাই। বুদ্ধিবৃত্তিক উৎপাদনরে আইনী ব্যাপার কইরা তোলার মাধ্যমে রাষ্ট্রের আওতা বাড়াইয়া দেওয়া হয়। ব্যক্তির মালিকানা পোক্ত হওয়ার কারণে ব্যক্তির অধিকার আরো কইমা আসে। যে কোনো মালিকানা যেহেতু রাষ্ট্রের বা সঙ্ঘের দালালিতে সাধিত হয় সুতরাং তা সঙ্ঘ বা রাষ্ট্রের ক্ষমতা বাড়ায়।
যে কোনো বিষয় আগে যে কেউ উচ্চারণ করছে বা লেখছে সে জন্য সেই একই ব্যাপার আমি আর নিজে উচ্চারণ করতে পারব না বা নিজেই লেখছি এমন দেখাইতে পারব না এর মধ্যে দুনিয়ার দ্রব্য ও ধারণা সমূহের কালকেন্দ্রিকতা প্রকট বা সত্যে পরিণত হয়। ফলে যে কোনো জিনিসই ঐতিহাসিক এমন একটা ডগমারে আমরা মাইনা নিতে থাকি।
এ ছাড়া প্যাটেন্ট করণের মাধ্যমে আমাদের বুদ্ধিবৃত্তিক উৎপাদনগুলার অভিভাবকত্ব আমরা ক্রমে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুইলা দিতে থাকি। কাজে কাজেই আমাদের কাজের মার্কিনতা তৈয়ার হয়।
প্যাটেন্ট করণ নিপাত যাক। পাইরেসি জিন্দাবাদ! এক কেন্দ্রিক বিশ্বব্যবস্থায় মনপ্রাণ নিবেদিত বুদ্ধিজীবীরা নিজ নিজ আস্তিকতা বিষয়ে সচেতন হয়ে উঠুন।
১৪.১০.২০০৯
ওহে, দুর্দান্ত রাইসু ভাই…।
“যে কোনো বুদ্ধিবৃত্তিক উৎপাদন” বলতে খোলাসা করলে ভালো হয়। ভৌত-উৎপাদন গাড়ি জিনিসটা যেমন বুদ্ধি আর কায়িক শ্রম উভয়েরই উৎপাদন। তথাপি গাড়ি তৈরির কৌশল কিংবা তা বর্ণনা করা অভৌত লেখাটা মূলত বুদ্ধিবৃত্তিক উৎপাদনই বলা যেতে পারে। যদিও লেখায় সামান্য কায়িক শ্রমও আছে। এখানে গাড়ি-নামক ভৌত উৎপাদনটাকে মালিকানা করতে চান না, নাকি কৌশল বর্ণনা করা লেখাটাকে? ধারণা করি দ্বিতীয়টাকে। এবং সেটাই যৌক্তিক। অর্থাৎ সেই একই কৌশল ব্যবহার করে অন্য কেউ গাড়ি বানালে সেটা ঠেকানোটা একরকম অবান্তর ধারণা। সেটা মালিকানা হওয়া দূরের কথা, সেটার প্যাটেন্ট বা বর্গা নেয়াও অবান্তর।
কিন্তু ভৌত উৎপাদন গাড়ির মালিকানা বিষয়ে কী মত দিবেন? সেই মালিকানা থাকাটা ঠিক থাকলে “ব্যক্তির মালিকানা পোক্ত হওয়ার কারণে ব্যক্তির অধিকার আরো কইমা আসে” কথাটা তখন অসঙ্গতিতে থাকে। কিংবা ধরুন আপনি আপনার কবিতার বই করে ছাপালেন। আপনার নিকট কেনার আগ পর্যন্ত ভৌত উৎপাদন বইটার মালিকানা কিন্তু আপনার কিংবা পাবলিশারের সাথে অংশীদারে। যদিও আপনার অভৌত বুদ্ধিবৃত্তিক উৎপাদন কবিতাটার মালিকানাটা একটা অবান্তর ধারণা। আরেকজন আপনার কবিতাটা যেকোনো মাধ্যমে পুনর্প্রকাশ করলে কারও শরীর কিংবা সম্পদের হানি ঘটে না। সেটা করা তাই জায়েজ হয়। জেফ্রি টাকারের ভাষায়
“ideas are not scarce, do not require rationing, are not diminished by their dissemination, and so cannot really be called property.”
ধ্রুপদী উদারতাবাদ ও স্বাধীনতাবাদে ব্যক্তি মালিকানা ধারণাটা কেবল ভৌত বিষয়ে প্রযোজ্য। আরও সরাসরি বললে, এখানে মূল বিষয় অনাক্রমণের নীতি (non-aggression principle)। “কোনো মানুষ বা তার গোষ্ঠি অপর মানুষের শরীর কিংবা সম্পদে আক্রমণ করতে পারে না।” এখানে সম্পদ কেবল ভৌত সম্পদ। কবিতা ভৌত সম্পদ নয়। ফলে ওটা আমি আপনার থেকে নিয়ে নিজের কলম দিয়ে পুনরায় লিখলে আপনার শরীর ও সম্পদে আক্রমণ ঘটে না। কিন্তু সেটা ঠেকাতে আসলে আপনাকে আমার শরীরে আক্রমণ করতে হয়, বা বন্দুকধারী দিয়ে সেটা আপনার করানো লাগে। ফলে আক্রমণটা তখন করেন আপনি।
তো ভৌত উৎপাদনের সম্পদ হবার যথার্থতাটা কে দিলো? সে আলাপ গুরুতর। স্বাধীনতাবাদীদের সাথে কম্যুনিস্টদের ঝগড়াটা মূলত এই ভৌত উৎপাদনের ব্যক্তি মালিকানা থাকা না থাকার তর্কে পর্যবসিত করা সম্ভব। সেই আলাপ জরুরি হবে। এগুলা করা দরকার। তবে অভৌত উৎপাদনের ব্যাপারে আপনার বিরোধিতা যথার্থ। রাষ্ট্র মানুষের মতের প্রকাশনাকে নিয়ন্ত্রণ করতেই মূলত এই প্যাটেন্ট ধারণার প্রচলন ঘটায়। খেয়াল করবেন, এটা মালিকানাও নয়। প্যাটেন্ট কিংবা কপি রাইট।
ব্যক্তি-মালিকানাবাদী অথবা কম্যুনিস্ট কারোই কপিরাইটের পক্ষে থাকার কোনো যুক্তি নাই। মার্কিনে এইটা ডাইনোসর হয়ে উঠেছে বিলোপ পাওয়ার তরে। কারণ মানুষের ভৌত উৎপাদনের উপর মালিকানায় নজরদারি করা ছাড়া এই জিনিস বলবৎ করা অসম্ভব। অভৌত বিষয়ে আইন সর্বদাই ব্যক্তির শত্রু।
তবে আপনার নিচের বক্তব্যটা
“ব্যক্তির মালিকানা পোক্ত হওয়ার কারণে ব্যক্তির অধিকার আরো কইমা আসে। যে কোনো মালিকানা যেহেতু রাষ্ট্রের বা সঙ্ঘের দালালিতে সাধিত হয় সুতরাং তা সঙ্ঘ বা রাষ্ট্রের ক্ষমতা বাড়ায়”
ভৌত অভৌত সকল মালিকানার বিরুদ্ধে কম্যুনিস্ট সমালোচনা হিসেবে দাঁড়ায়ে আছে। তাহাই চান কিনা বিবেচনা করতে পারেন।
আবার বাংলাদেশে দেখবেন একধরনের বাম আছে, যারা গাড়ি ভাঙার ব্যাপারে নির্বিকার, কিন্তু লেখার কপিরাইট নিয়ে সোচ্চার। মেধাসত্ত্বের ব্যাপারে রাইটিস্ট কিন্তু প্রাইভেট প্রোপার্টির ক্ষেত্রে লেফ্টিস্ট, এ এক অদ্ভুত অবস্থান!
আরেকটা বিষয়। ভৌত বিষয়ের ব্যক্তি মালিকানা ধারণাটা বলবৎ থাকার জন্যে রাষ্ট্র তথা একচেটিয়া বলপ্রয়োগের প্রয়োজন নাই। প্রয়োজন কেবল সেটা রক্ষা তথা আত্মরক্ষার কোনো এক উপায়। রাষ্ট্র তাতে সাহায্য করতে পারে, কিন্তু অপরিহার্য মোটেই না। বরং পরিহার্য। নৈরাজ্যে ব্যক্তি মালিকানা বা ব্যবসা বহাল থাকাটা মৌলিক কোনো সমস্যা না। আপনার একটা বন্দুক থাকাটাই অনেক সময় যথেষ্ট।
অন্যদিকে ভৌত বিষয়ের ব্যক্তি মালিকানা বিলোপের জন্যে রাষ্ট্র তথা একচেটিয়া বলপ্রয়োগ অপরিহার্য। কে কখন কোথায় ঘর বানালো, সেই ঘরে উৎপাদন মজুদ করলো, সেটা একচেটিয়া নজরদারি ও বলপ্রয়োগ ছাড়া বলবৎ করা অসম্ভব। যে কারণে কমিউনিজস্টেরা সর্বহারার একনায়কতন্ত্র ছাড়া অন্য উপায় পায় না। যে ব্যক্তি মালিকানার বিলোপ চায়, সে সেটার প্রয়োগের জন্যে রাষ্ট্রকে কামনা করতে বাধ্য।
অন্যদিকে অভৌত উৎপাদনের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। ভৌত বিষয় মজুদ করা যায়, তাই সম্পদ হিসেবে ভাবা যায়। অভৌত উৎপাদন যেমন কবিতা বা বৈজ্ঞানিক সূত্র মজুদ করা অবান্তর। লুকায়ে রাখতে পারেন, কিন্তু প্রকাশ করলে তা কোনো ভাবেই আর মজুদ করা বা সংরক্ষণ করা যায় না। কবিতা পড়া মাত্র পাঠক তার মননে সেই অভৌত বচনগুলো ধারণ করে। সেটা খেদানোর উপায় নাই। সেটা ফেরত আনার উপায় নাই। বা ডেটা যেমন। যেভাবে হুর হুর করে তারে কপি করা যায়, রেকর্ড করা যায়, সেভাবে যদি আপনার গাড়িটাও আমি নিমেষে কপি করতে পারতাম, তাহলে আপনার গাড়িটাও সম্পদ হিসেবে একটা অবান্তর ধারণায় পরিণত হতো। সেটা মজুদ করার, সংরক্ষণ করার আপনার কোনো কারণ থাকতো না। এরকম যেসব অভৌত জিনিস, সেসবের উৎপাদন কিংবা কপি করা কোনোটা করতেই রাষ্ট্রকে লাগে না। কিন্তু সেটা ঠেকাতে লাগে। বাড়ি বাড়ি, ল্যাপটপে ল্যাপটপে, মগজে মগজে সরকারের হানা দেয়া লাগে।